প্রশ্ন : নারীদের কন্ঠ কি সতরের অন্তর্ভুক্ত? বাড়িতে নন মাহরাম পুরুষ মেহমান থাকা অবস্থায় স্বামীকে প্রয়োজনে পর্দার আড়াল থেকে কি ডাকা যাবে?
▬▬▬◄❖►▬▬▬
উত্তর:
সঠিক কথা হল, নারীদের কণ্ঠ সতরের অন্তর্ভূক্ত নয়। অর্থাৎ একজন নারী পর্দার অন্তরাল থেকে যদি প্রয়োজনীয় কোন কথা বলে আর কোন নন মাহরাম পুরুষ যদি তা শ্রবন করে তাতে গুনাহ হবে না। তবে সে ক্ষেত্রে শর্ত হল, সে কথা বলার সময় কোমল ও আকর্ষণীয় কণ্ঠ পরিহার করবে এবং প্রয়োজনের অতিরিক্ত কথা বলবে না।
আল্লাহ তাআলা বলেন:
يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ ۚ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا
“হে নবী পত্নীগণ! তোমরা অন্য নারীদের মত নও; যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে সেই ব্যক্তি কুবাসনা করে, যার অন্তরে ব্যাধি রয়েছে তোমরা সঙ্গত কথাবার্তা বলবে।” (সূরা আহযাব: ৩২)
আল্লাহ তাআলা বলেন:
وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِن وَرَاءِ حِجَابٍ ۚ ذَٰلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ ۚ
“তোমরা তাঁদের নিকট কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্যে এবং তাঁদের অন্তরের জন্যে অধিকতর পবিত্রতার কারণ।” (সূরা আযাব: ৫৩)
সুতরাং বাড়িতে নন মাহরাম পুরুষ মেহমান থাকা অবস্থায় স্বামীকে পর্দার অন্তরাল থেকে একান্ত প্রয়োজনে ডাকা জায়েয রয়েছে। তবে যদি ছোট কোন বাচ্চা থাকে বা বিশেষ কোন আওয়াজ দ্বারা স্বামী উদ্দেশ্য বুঝতে পারে তাহলে সে ক্ষেত্রে স্ত্রীর আওয়াজ করে ডাকার প্রয়োজন পড়ে না।
আল্লাহু আলাম।
▬▬▬◄❖►▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
জুবাইল, সৌদি আরব
#abdullahilhadi