প্রশ্ন: জান-মালের বিষয়ে খারাপ স্বপ্ন দেখার পর সদকা করার কথা বলা হয়ে থাকে। এটা কি ঠিক? কি দিয়ে সদকা করা উচিত? আরেকটা কথা শুনা যায়, 'জানের বদলে জান দেওয়া।' এটার কী অর্থ? কষ্ট করে বুঝিয়ে বলবেন আশা করি ।
* উত্তর:
খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। কেউ খারাপ স্বপ্ন দেখলে ‘আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম' পাঠ করবে, বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করবে, পার্শ্ব পরিবর্তন করে শয়ন করবে, দু রাকাআত নামায আদায় করবে এবং এই স্বপ্নের কথা কারো নিকট আলোচনা করবে না বা নিজে নিজে তার ব্যাখ্যা করবে না তাহলে ইনশাআল্লাহ শয়তান তার কোন ক্ষতি করতে পারবে না । হাদিসের আলোকে সদকার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাহকে বিপদাপদ ও নানা অসুখ-বিসুখ থেকে রক্ষা করেন। কিন্তু তা স্বপ্ন দেখার সাথে সম্পৃক্ত নয়। বরং যে কোন অসুখ-বিসুখ ও বিপদাপদের ক্ষেত্রে দান-সদকা করা অত্যন্ত কার্যকর। এই সদকা বিভিন্ন কিছু দিয়ে দেয়া যায়। যেমন, টাকা-পয়সা, গরু, ছাগল, হাস, মুরগি, ধান, চাল, কাপড়-চোপড় ইত্যাদি। কারও অসুখ-বিসুখ হলে কোন জানদার প্রাণী যেমন গরু, ছাগল, হাস, মুরগী ইত্যাদি মানত বা সদকা করাকে আমাদের সমাজের মানুষ "জানের বদলে জান দেওয়া" বলে থাকে। ইসলামে শরীয়তে এতে কোন বাধা নেই ইনশাআল্লাহ।
তবে মনে রাখতে হবে, সদকা হওয়া উচিত নিঃশর্তভাবে। এতে সদকাকারী সওয়াব অর্জন করবেন। আল্লাহ ইচ্ছা করলে তাকে বিপদ-আপদ থেকে রক্ষা করবেন।
পক্ষান্তরে মানত হল, আল্লাহর সাথে চুক্তিভিত্তিক সদকা করার অঙ্গীকার করা। এভাবে আল্লাহর সাথে চুক্তি করা উচিত নয়।
প্রকৃতপক্ষে মানত দ্বারা ভাগ্যের পরিবর্তন হয় না। তাই ইসলামে মানত করাকে অনুৎসাহিত করা হয়েছে। তবে বৈধ মানত হলে তা পূরণ করা আবশ্যক। অন্যথায় কাফফারা ওয়াজিব হবে।
আল্লাহু আলাম।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় (আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব